ট্রেনে আগুন লেগে বন্ধ থাকার প্রায় পাঁচ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (১১ জুন) বিকেল ৫টার দিকে আগুনে পুড়ে যাওয়া বগিগুলো সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করা হয়।
আজ বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনের পাওয়ার কারে আগুন লাগে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম বলেন, দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগা বগিগুলো বিকাল সাড়ে চারটার দিকে সরানো হলে পাঁচটা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


