আরও একজন কিংবদন্তিকে হারালো ফুটবল বিশ্ব। ডিয়েগো ম্যারাডোনা ও আলেহান্দ্রো সাবেয়ার পর ১৯৮২ বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি স্ট্রাইকার পাওলো রসি না ফেরার দেশে চলে গেছেন। ৬৪ বছর বয়সে তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করেন। বৃহস্পতিবার ভোরে ইতালীয় টিভি চ্যানেল আরএআই স্পোর্ট এ খবর নিশ্চিত করে।ইতালির সংবাদ মাধ্যমগুলো বলছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন জুভেন্টাস ও এসি মিলানে খেলা সর্বকালের সেরা ফরোয়ার্ডদের একজন রসি।
জাতীয় দলে ক্যারিয়ার বড় করতে না পারা পাওলো রসি ইতালির হয়ে মোট ২০টি গোল করেছিলেন। ১৯৮২’র বিশ্বকাপই তাকে নায়ক বানিয়েছে। রসি জুভেন্টাসের হয়ে দুটি সিরিয়া, একটি ইউরোপিয়ান কাপ ও একটি কোপা ইতালিয়া জিতেছেন। সেরা টুর্নামেন্ট সেরা ৬টি গোল করেই সবার নজর কাড়েন তিনি।
ইতালির হয়ে ১৯৭৭ থেকে ১৯৮৬ পর্যন্ত ৪৮ ম্যাচ খেলা রসি বিশ্বকাপের আসরে গোল্ডেন বুট ও একইসঙ্গে গোল্ডেন বল জেতেন। ক্লাব ক্যারিয়ারে খেলেছেন জুভেন্টাস ও এসি মিলানের মতো নামকরা দল।
১৯৮২ সালে ফিফা বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ছিলেন রসি। সেবার ফাইনাল ম্যাচে জার্মানিকে রুখে দেয় ইতালি। এটি ছিল দেশটির তৃতীয় বিশ্বকাপ শিরোপা জয়। ওই ম্যাচে জার্মানির বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে প্রথম গোলটি ছিল রসির।
ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে দুই বছরের জন্য তিনি নিষিদ্ধও ছিলেন। এরপর ফিরে এসে ’৮২ সালের বিশ্বকাপে বাজিমাত করেন রসি। গ্রুপ পর্বে ব্রাজিলের বিপক্ষে এক গুরুত্বপূর্ণ ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন তিনি।
ক্লাব পর্যায়ে জুভ ও মিলান ছাড়াও রসি কোমো, ভিসেনজা, পেরুগিয়া ও হেয়াস ভেরোনার হয়ে খেলে ১৯৮৭ সালে অবসর নেন। সব ক্লাবের হয়ে ৩৩৮ ম্যাচে ১৩৪টি গোল করেন তিনি। তারকা এই ফুটবলারকে সর্বকালের সেরা ফরোয়ার্ড হিসেবে বিবেচনা করা হয়।


