বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার অসম্ভব এক পরিকল্পনা নিয়ে আজ (শুক্রবার) বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান। যেহেতু সেমিতে যেতে হলে আগে ব্যাটিং করতে হতো তাদের, তাই টস জিতে আগে সেই সিদ্ধান্তই নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ।
সেমিতে যাওয়ার সম্ভাবনা টিকিয়ে রাখতে আগে ব্যাট করে ৩৫০ বা তার বেশি রান করার দরকার ছিল পাকিস্তানের। কিন্তু শেষ পর্যন্ত তা করতে পারেনি তারা। ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৩১৫ রান তুলতে পেরেছে দলটি।
এখন সেমিতে যাওয়ার যে সমীকরণ দাঁড়িয়েছে, তা অসম্ভবই বলা যায়। কেননা সেমিফাইনালে উঠতে হলে এই ম্যাচে বাংলাদেশকে ৭ রান বা তার নিচে অলআউট করতে হবে পাকিস্তানকে।
ওয়ানডে ইতিহাসে এত কম রানে আউট হয়নি কোন দল। এখন পর্যন্ত ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের ৩৫ রানের অলআউট হওয়ার ইনিংসটি ওয়ানডে ইতিহাসে সর্বনিম্ন রানের ইনিংস। তাই সেটা বিবেচনা করে বলাই যায়, বাংলাদেশকে এত কম রানে অলআউট করতে পারবে না পাকিস্তান।
কেননা চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিনবার তিনশোর বেশি রানের ইনিংস গড়েছে টাইগাররা। এই বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে কম রানের সংগ্রহটি হলো নিউজিল্যান্ডের বিপক্ষে করা ২৪৪ রানের ইনিংসটি।


