ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কখনো টেস্ট সিরিজ জিততে পারেনি পাকিস্তান। তবে সেই আক্ষেপ ঘোচানোর দারুণ এক সুযোগ এসেছে পাকিস্তানের সামনে। ব্রিজটাউনে দ্বিতীয় টেস্টের শেষ দিনে পাকিস্তানকে মাত্র ১৮৮ রানের লক্ষ্য দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দিনের বাকি প্রায় পুরো তিন সেশনই।
ইয়াসির শাহর অসাধারণ বোলিংয়ে চতুর্থ দিনেই ম্যাচ নিজেদের হাতের মুঠোয় নিয়ে নিয়েছিল পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ দিন শেষ করেছিল ৯ উইকেটে ২৬৪ রান নিয়ে। আজ শেষ দিনের পঞ্চম বলেই দেবেন্দ্র বিশুকে ফিরিয়ে ক্যারিবীয়দের ইনিংস গুটিয়ে দিয়েছেন ইয়াসির। স্বাগতিকরা আগের দিনের সঙ্গে যোগ করতে পেরেছে আর ৪ রান। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ২৬৮ রানে।
আগের দিনের ৬ উইকেটের সঙ্গে আজ আরেকটি, ৯৪ রানে ৭ উইকেট নিয়েছেন ইয়াসির। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানি কোনো বোলারের দ্বিতীয় সেরা বোলিং এটি। ১৯৮৮ সালে ইমরান খানের ৮০ রানে ৭ উইকেট এখনো সেরা।
ইতিহাস গড়ার লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তানের শুরুটা অবশ্য ভালো হয়নি। দলের ১০ রানেই শ্যানন গাব্রিয়েলের বলে ফিরে গেছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আজহার আলী। ব্যাটিংয়ে আছেন আহমেদ শেহজাদ ও বাবর আজম।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৩১২
পাকিস্তান প্রথম ইনিংস: ৩৯৩
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস: ২৬৮ (হোপ ৯০, ব্রাফেট ৪৩, বিশল ৩২; ইয়াসির ৭/৯৪, আব্বাস ২/৫৭, আমির ১/৪৪)।


