পাকিস্তানের সিরিজ জয়, উইন্ডিজকে গুঁড়িয়ে

ক্রীড়া ডেস্ক : আগের ম্যাচেই টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রান ছুঁয়েছিল। ২৪ ঘণ্টার ব্যবধানে রেকর্ডটা নতুন করে লিখল পাকিস্তান। করাচিতে কাল দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে সরফরাজ আহমেদের দল।

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে বাবর আজম ও হুসেন তালাতের ঝোড়ো ব্যাটিংয়ে ৩ উইকেটে ২০৫ রান তোলে পাকিস্তান, যা আগের ম্যাচের চেয়ে ২ রান বেশি। জবাবে চার বল বাকি থাকতে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় ১২৩ রানেই। পরশু প্রথম ম্যাচে ১৪৩ রানে জেতা পাকিস্তান কাল জিতেছে ৮২ রানে।

এই নিয়ে টানা সাতটি টি-টোয়েন্টি সিরিজ জিতল পাকিস্তান। সরফরাজের নেতৃত্বে কোনো সিরিজ তারা হারেনি। আজ একই মাঠে হবে তৃতীয় ও শেষ ম্যাচ।

টস জিতে ব্যাট করতে নেমে ১১ রানেই ফখর জামানের উইকেট হারিয়েছিল পাকিস্তান। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ঝড় তোলেন বাবর ও তালাত। এই দুজন গড়েন ১২১ রানের বড় জুটি। তালাত ৪১ বলে ৮ চার ও এক ছক্কায় ৬৩ রান করে ফিরলে ভাঙে এ জুটি।

আর বাবর শেষ পর্যন্ত ৯৭ রানে অপরাজিত ছিলেন। তার ৫৮ বলের ইনিংসটি সাজানো ছিল ১৩ চার ও এক ছক্কায়। এ ছাড়া আসিফ আলীর ৯ বলে ১৪ ও শোয়েব মালিকের ৭ বলে অপরাজিত ১৭ রানের সুবাদে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ গড়ে পাকিস্তান।


বড় লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল দুর্দান্ত সূচনা। কিন্তু হয়েছে উল্টোটা। পাওয়ার-প্লের ৬ ওভারে একটি উইকেট হারালেও তারা তুলতে পারে মাত্র ৩০ রান! লক্ষ্যের ধারেকাছেও তাই যেতে পারেনি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

চাঁদউইক ওয়ালটন ছাড়া আর কেউই ভালো করতে পারেননি। ২৯ বলে ৫ চার ২ ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৪০ রান করেন এই ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ রান ২১, দিনেশ রামদিনের।

৪ ওভারে ২২ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার মোহাম্মদ আমির। শাদাব খান ও তালাত নেন ২টি করে উইকেট। ম্যাচসেরা হয়েছেন বাবর আজম।