সবার চোখ যখন পয়েন্ট টেবিলের দিকে, তখনই দুঃসংবাদ ভেসে এলো পাঞ্জাব কিংস শিবিরে।
টুর্নামেন্টের মাঝপথে আইপিএল ছাড়ার আশঙ্কায় রয়েছেন দলটির অধিনায়ক লোকেশ রাহুল।
অবশ্য রবিচন্দ্রন অশ্বিন বা অ্যাডাম জাম্পাদের মতো করোনাভীতিতে নয়, ইনজুরিতেও পড়েননি রাহুল।
জানা গেছে, অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়েছে লোকেশ রাহুলের। দ্রুতই অপারেশনের প্রয়োজন তার। ফলে আইপিএলের বাকি ম্যাচগুলো রাহুল আর খেলতে পারবেন কিনা, তা নিয়ে সৃষ্টি হয়েছে সংশয়। কারণ অপারেশনের জন্য কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না রাহুল। অপারেশনের পর চিকিৎসকরা আবার তার অবস্থার পর্যবেক্ষণ করবেন।
এর পর চিকিৎসকরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাহুলের মাঠে নামার বিষয়ে। তবে ধারণা করা হচ্ছে— এবারের আইপিএল আর খেলা হচ্ছে না রাহুলের। কারণ সাধারণত অ্যাপেন্ডিসাইটিস অপারেশনে সেরে উঠতে এক থেকে তিন সপ্তাহ সময় লাগে।
অধিনায়ক লোকেশ রাহুলের এই অসুস্থতার কথা এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে তার পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি।
রোববার দিল্লি ক্যাপিট্যালসের বিপক্ষে ম্যাচের আগে দেওয়া ওই বিবৃতি থেকে জানা যায়, শনিবার রাতে পেটে তীব্র ব্যথা অনুভব করেন রাহুল। তাকে প্রাথমিক চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। কিন্তু তাতে ব্যথা উপশম হয়নি। দ্রুত হাসপাতালে নিলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, তীব্র অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত রাহুল। এখন অপারেশনের মাধ্যমে এটি অপসারণ করতে হবে। ফলে সেই ম্যাচটি খেলা হয়নি রাহুলের। এদিন দিল্লি ক্যাপিট্যালসের বিপক্ষে ম্যাচটিতে নেতৃত্ব দেন মায়াঙ্ক আগারওয়াল।
এবারের আইপিএলেও দুর্দান্ত খেলছেন পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল। রোববারের আগপর্যন্ত তিনিই ছিলেন চলতি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক।
সাত ম্যাচে ৬৬.২০ গড় ও ১৩৬.২১ স্ট্রাইক রেটে ৩৩১ রান করেন রাহুল। শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে ৯১ রানের অপরাজিত ইনিংস খেলেন পাঞ্জাব কিংস অধিপতি।


