ক্রাইম পেট্রোল বিডি ডেস্কঃ ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঢাকায় সকাল থেকেই বৃষ্টি ও ঝড় হাওয়া দেখা গেছে। বৃষ্টির কারণে এরেই মধ্যে চট্রগ্রাম শহর পানির মধ্যে তলিয়ে গেছে। সকাল থেকে হওয়া বৃষ্টির কারণে এরেই মধ্যে ঢাকার বেশ কিছু মহাসড়ক পানির নিচে তলিয়ে গেছে। সেইসঙ্গে আছে গণপরিবহন সংকট। এই সুযোগে রাজধানীতে বেড়েছে রিকশা, সিএনজি ভাড়া।
সোমবার (২৭ মে) বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার মধ্যে বাড্ডা, গ্রিনরোড, নিউমার্কেট, ধানমন্ডি ২৭, মানিক মিয়া অ্যাভিনিউ, মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর ১০ নম্বর, ১৩ নম্বর, ১৪ নম্বর, মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, হাতিরঝিলের কিছু অংশ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তায়, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা, মোহাম্মদপুরের কিছু অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকায়, মোহাম্মদপুর, ইসিবি, গুলশান লেকপাড় এলাকার সংযোগ সড়কসহ বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এতে করে সকাল থেকে বিকেল পর্যন্ত নানাভাবে বিড়ম্বনায় পড়েছেন রাজধানীতে কাজে বের হওয়া সাধারণ মানুষজন। এছাড়া অনেক এলাকায় জলাবদ্ধতার কারণে ভ্যান দিয়ে সড়ক পারাপার হতে দেখা গেছে রাজধানীবাসীকে।
একদিকে বৃষ্টি, অন্যদিকে জলাবদ্ধতার কারণে রাজধানীর সব সড়কেই সব ধরনের যানবাহনসহ গণপরিবহনের সংখ্যা অনেক কম। আর এই সুযোগে বাড়তি ভাড়া আদায় করছেন ঢাকার রিকশা ও সিএনজি চালকরা।


