পাবনা প্রতিনিধি : পাবনায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি নিয়ে বিএনপি-ছাত্রদলের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।
এ সময় পুলিশ নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ ও টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করে। এতে বিএনপি-ছাত্রদলের ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় ২৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
আহত নেতা-কর্মীরা জানান, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুর ১টায় জেলা বিএনপি কার্যালয় থেকে একটি র্যালি বের করে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় দলীয় কার্যালয়ের সামনে পুলিশ তাদের বাধা দেয়। পরে ক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে র্যালি করতে গেলে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।
এক পর্যায়ে নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশও তাদের ওপর লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। কিছু সময় ধরে চলা সংঘর্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান জাফির তুহিনসহ অন্তত ১০ নেতা-কর্মী আহত হন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ ও বুলেট নিক্ষেপ করে।
ওসি জানান, ৪১ রাউন্ড শর্টগানের গুলি ও সাত রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ২৬ নেতা-কর্মীকে আটক করে।
তিনি দাবি করেন, সংঘর্ষের ঘটনায় নেতা-কর্মীদের ছোঁড়া ইট-পাটকেলে নয় পুলিশ সদস্য আহত হয়েছে।
এদিকে সংঘর্ষের পর থেকে শহরে উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।


