লকডাউনে এক সপ্তাহ পেছাল আবাহনী-ইগলসের এএফসি কাপের ম্যাচ। নতুন সূচি অনুযায়ী ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে ম্যাচটি। তবে এএফসির প্রস্তাবিত ভেন্যু মালদ্বীপে খেলতে আগ্রহী নয় আকাশী-নীলরা।
১৪ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি কাপের প্লে অফে মালদ্বীপ প্রিমিয়ার লিগের রানার্সআপ ইগলসের মুখোমুখি হওয়ার কথা ছিল আবাহনীর।
তবে, বাংলাদেশে সম্ভাব্য লকডাউনের কারণে সূচিতে পরিবর্তন এনেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন।
আবাহনী ক্লাব কর্তৃপক্ষের চিঠির জবাবে নিরপেক্ষ ভেন্যু নির্ধারণে নির্দেশ দিয়েছে এএফসি। আর সেটি না হলে মালদ্বীপে ইগলসের হোম ভেন্যুতে খেলার প্রস্তাব দিয়েছে তারা। আলোচনা চলছে নেপালের সঙ্গে। এক সপ্তাহ সর্বাত্মক লকডাউনের পরিকল্পনার কথা জানিয়েছে সরকার।
এরপর থেকেই আবাহনীর ১৪ এপ্রিলের এএফসি কাপের ম্যাচ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। যদিও প্রাথমিকভাবে এএফসির নির্দেশনা ছিল লকডাউন থাকলেও নির্ধারিত সময়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই ম্যাচ আয়োজন করতে হবে।
তবে, বাংলাদেশের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সে অবস্থান থেকে সরে এসেছে এশিয়ান ফুটবলের শীর্ষ সংস্থা।


