পিরোজপুর: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ব্যাটারি চালিত ইজিবাইকচাপায় রেশাদ ইসলাম (০৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে শহরের কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেশাদ পৗর শহরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভ্যান চালক রফিকুল ইসলাম ফরাজীর ছেলে। সে উপজেলার ৭০ নম্বর জামিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে ছাত্র ছিল।
জামিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়শা ছিদ্দিকা বলেন, সকালে শহরের কলেজ মোড় এলাকায় একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ইজিবাইক চালককে আটকের চেষ্টা চলছে।


