আন্তর্জাতিক ডেস্ক: আগ্রাসন থেকে নিজের দেশকে রক্ষার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। পাশাপাশি তিনি নিজের রাজধানী কিয়েভকে নিরাপদ রাখার জন্য পশ্চিমাদের কাছে সামরিক সহায়তা বৃদ্ধির আহবান জানিয়েছেন।
বৃহস্পতিবার তিনি এই আহবান জানান। এরপর রাতেই তার জেপোরোজিয়া পারমাণবিক বিদ্যুতকেন্দ্রে হামলা চালিয়েছে পুতিন বাহিনী। এ খবর: অনলাইন আল জাজিরা।
বৃহস্পতিবার রাজধানী কিয়েভে অত্যন্ত সুরক্ষিত নিজের অফিস থেকে জেলেনস্কি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, যদি ইউক্রেনে পুতিনের সামরিক আগ্রাসন সফল হয়, তাহলে বাকি ইউরোপে রাশিয়া অগ্রসর হতে পারে বলে পশ্চিমাদের সতর্ক করেন তিনি।
জেলেনস্কি বলেন, এ নিয়ে আমি পুতিনের সঙ্গে আলোচনা করতে চাই না। প্রকৃতপক্ষে তার সঙ্গে আমার কথা বলা প্রয়োজন।
বিশ্ববাসীর তার সঙ্গে কথা বলা প্রয়োজন। এই যুদ্ধ থামানোর আর কোনো উপায় নেই। তিনি এ সময় পুতিনের উদ্দেশে প্রশ্ন ছোড়েন- আমাদের কাছে আপনি কি চান? আমাদের দেশ ছেড়ে যান। আমার সঙ্গে কথা বলুন। এ সময় আমাদের দূরত্ব ৩০ মিটারের বেশি হবে না। আলোচনার এক লম্বা টেবিলে পুতিন বিশ্বনেতাদের সঙ্গে সম্প্রতি যে আলোচনা করছেন, সে দিকে ইঙ্গিত করেন জেলেনস্কি।


