পূর্ব নোটিশ ছাড়া গার্মেন্টসে তালা, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদকঃ হঠাৎ করে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ও জনমনে নতুন করে ভীতি ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সরকার সাধারণ মানুষকে সর্তক করতে নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু হঠাৎ করে রাজধানীর শিল্প তেজগাঁও এলাকায় ক্যাপ্রিটেক নামে একটি গার্মেন্টসে তালা ঝুলতে দেখেন শ্রমিকরা। কোন রকম পূর্ব নোটিশ বা ঘোষণা ছাড়া গার্মেন্টেসে তালা দেওয়ায় নাবিস্কো এলাকার রাস্তা অবরোধ করে শ্রমিকরা। গার্মেন্টস শ্রমিকদের রাস্তা অবরোধের কারণে মহাখালী থেকে তেজগাঁওয়ের উভয় পাশের রাস্তায় যান চলাচল বিঘ্নিত হয়, সৃষ্টি হয় তীব্র যানজোটের।

মঙ্গলবার (১৫ মার্চ) সকাল থেকে সড়ক অবরোধ করে তাদের এই বিক্ষোভ শুরু হয়।

আয়নাল হোসেন নামে এক শ্রমিক জানান, গতকালও আমরা কাজ করেছি। আজ সকালে এসে দেখি কারখানায় তালা। কারখানা বন্ধের নোটিশ। অথচ আমাদের আগে কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, শ্রমিকদের কাউকেই ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হয়নি। আমরা আগেও বেশ কয়েকবার বেতনের জন্য মালিকপক্ষকে বলেছি। তারা দেবে দেবে বলে আশ্বস্ত করেছে। তবে আজ হঠাৎ টাকা না দিয়েই বন্ধ করে দিল।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার শীল বলেন, আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলছি, তাদের সড়ক থেকে সরে আসার জন্য অনুরোধ করছি। এছাড়াও মালিকপক্ষের সঙ্গে আলোচনার জন্য তাদের বসিয়ে দেওয়ার চেষ্টা করছি।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুণ অর রশীদ বলেন, সকালে শ্রমিকরা সড়ক অবরোধ করে। এর ফলে ওই এলাকার সড়কে যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে তাদের সড়ক থেকে সরে যেতে বলে। কিন্তু তারা পুলিশের অনুরোধ সত্ত্বেও সড়ক থেকে সরছিল না। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।