নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালের গড়িয়ারপাড় ও পটুয়াখালীর বসাকবাজার এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে পৃথক এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাক চালক ফারুক হোসেন, হেলপার আলমগীর বেপারী ও শ্রমিক সজিব। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল বিমান বন্দর থানার ওসি (তদন্ত) আবদুল রহমান মুকুল জানান, ঢাকা থেকে রডবোঝাই একটি ট্রাক স্বরুপকাঠী যাচ্ছিল। বরিশালের কাশিপুরস্থ গড়িয়ারপাড় আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়।এতে ট্রাকের ওপরে থাকা সাত শ্রমিক ট্রাকের নিচে চাপা পড়ে। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থনে পৌঁছে চাপা পড়া শ্রমিকদের উদ্ধারে কাজ করে। এ সময় সজিবকে মৃত ও আরো ছয়জনকে আহতাবস্থায় উদ্ধার করা হয়। পরে আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, পটুয়াখালী শহরের বসাকবাজারে একটি পণ্যবাহী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ট্রাক চালক ফারুক হোসেন ও হেলপার আলমগীর বেপারী নিহত হন। ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।


