পেলের পর এখন এমবাপে

ক্রীড়া ডেস্ক : রাশিয়া বিশ্বকাপের নক আউট পর্বের প্রথম ম্যাচে জোড়া গোল করেছেন কালিয়ান এমবাপে। তার অসাধারণ পারফরম্যান্সে দিশেহারা হয়ে পড়ে আর্জেন্টিনা শিবির। ৪-৩ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স।

ম্যাচসেরা নির্বাচিত হওয়া এমবাপে জোড়া গোল করে এক কীর্তি গড়েছেন। ব্রাজিলের কিংবদন্তি পেলের পর প্রথম তরুণ খেলোয়াড় হিসেবে নক আউট পর্বে জোড়া গোল করেছেন ১৯ বছর ১৯৩ দিন বয়সি এমবাপে। ১৯৫৮ বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে হ্যাটট্রিক করেছিলেন পেলে (১৭ বছর ২৪৪ দিন) । ম্যাচে ৫-২ গোলে জয় পায় ব্রাজিল। ম্যাচের ৫২, ৬৪ ও ৭৫ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন পেলে।

শনিবার কাজান এরিনায় ম্যাচের শুরু থেকেই দাপট দেখান এমবাপে। লিওনেল মেসি ও আঁতোয়ান গ্রিজম্যানের ওপর সবার নজর থাকলেও এমবাপে সব আলো কেড়ে নেন। শুরুতেই পেনাল্টি আদায় করে নেন এমবাপে। বল নিয়ে ভেতরে ঢোকার সময়ে তাকে ফাউল করেন আর্জেন্টাইন ডিফেন্ডার। গ্রিজম্যানের সফল স্পটকিকে এগিয়ে যায় ফ্রান্স। এরপর ৬৪ ও ৬৭ মিনিটে জোড়া গোল করে দলকে উল্লাসে ভাসান পিএসজির এ প্লেমেকার।