ক্রীড়া ডেস্ক: ১৯৯৮ সালে দিদিয়ের দেশমের হাত ধরে ফ্রান্স বিশ্বকাপ জিতেছিল। ওই বছরের ২০ ডিসেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে জন্মগ্রহণ করেন কালিয়ান এমবাপে।
সেই এমবাপে এখন ফ্রান্সকে স্বপ্ন দেখাচ্ছেন আরেকটি বিশ্বকাপ জয়ের। লক্ষ্য পূরণে অনেকটাই এগিয়ে ১৯ বছর বয়সি এমবাপে। শনিবার কাজান এরিনায় আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে ফ্রান্স। আর তিন ধাপ পার হলেই বিশ্বকাপের শিরোপা জিতবে ফ্রান্স।
শনিবার আর্জেন্টিনাকে হারাতে বড় ভূমিকা রাখেন এমবাপে। পিএসজির হয়ে খেলা এ ফরোয়ার্ড জোড়া গোল করে আর্জেন্টিনাকে একাই হারিয়েছেন। পাশাপাশি জোড়া গোল করে গড়েছেন অসাধারণ কীর্তি। ব্রাজিলের কিংবদন্তি পেলের পর প্রথম তরুণ খেলোয়াড় হিসেবে নক আউট পর্বে জোড়া গোল করেছেন ১৯ বছর ১৯৩ দিন বয়সি এমবাপে। ১৯৫৮ বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে হ্যাটট্রিক করেছিলেন পেলে (১৭ বছর ২৪৪ দিন) । ম্যাচে ৫-২ গোলে জয় পায় ব্রাজিল।
পেলের পাশে বসে উচ্ছ্বসিত এমবাপে। তবে পেলের সঙ্গে তুলনা করায় বিব্রত এ তরুণ। ম্যাচ শেষে গেম জোনে এমবাপে বলেন,‘আমি খুবই খুশি তার পাশে জায়গা পেয়ে। তবে পেলের মতো একজন কিংবদন্তির সঙ্গে তুলনা করা উচিত নয়। আমি পেলে নই। তার তুলনা হয় না। এটা শুনতে ভালো লাগে যে তার মতো একজনের পাশে সুযোগ করে নিয়েছি।’
ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা দিদিয়ের দেশম এমবাপের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত। আর্জেন্টিনাকে হারানোয় তৃপ্ত দেশম।


