ক্রীড়া ডেস্ক : প্রথমবারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার অপেক্ষায় পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফান। তার স্বদেশী পেসার জুনাইদ খানের বদলি হিসেবে তাকে দলে নিয়েছে বার্বাডোজ ট্রাইডেন্টস।
৩৬ বছর বয়সি ইরফান প্রায় দুই বছর হয়ে গেল পাকিস্তানের হয়ে খেলেননি। তবে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটে নিয়মিতই খেলছেন। এ মাসের শুরুতে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে এডমন্টন রয়্যালসের হয়ে ছয় ম্যাচে নেন ৬ উইকেট। ইকনোমি রেট ছিল ৭.১৭। তার আগে পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে নিয়েছিলেন ১২ উইকেট।
প্রথম সন্তানের জন্মের অপেক্ষায় আছেন জুনাইদ ও তার স্ত্রী। জুনাইদকে হারিয়ে হতাশ হলেও ইরফানকে পেয়ে খুশি বার্বাডোজ কোচ রবিন সিং, ‘জুনাইদের না থাকাটা হতাশার। তবে মোহাম্মদ ইরফানের মতো আরেকজন বাঁহাতি পেসারের অভিজ্ঞতা আমাদের জন্য বড় সম্পদ হবে। সে আমাদের বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ হবে।’
সিপিএলে বার্বাডোজের নেতৃত্ব থাকছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। আগামী ১২ আগস্ট গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে বার্বাডোজ। সিপিএল শুরু হবে ৮ আগস্ট, আর ফাইনাল হবে ১৬ সেপ্টেম্বর।


