প্রতিটি নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার আওতার মধ্যে যাতে থাকে, সেই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তার জন্য যা যা করণীয়, সেটা আমরা করব।’
তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বে যে অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে, তার মধ্যেও দেশকে এগিয়ে নিতে হবে। মনুষ্যসৃষ্ট দুর্যোগ-এগুলো সবসময় আমাদের মোকাবিলা করতে হয়, করতে হবে। সেটা আমরা করতে পারব। জনগণই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। জনগণ যতক্ষণ আমাদের সঙ্গে আছে, চিন্তার কিছু নেই।’
শেখ হাসিনা বলেন, ‘অন্তত যে অর্জনটা আমরা করেছি, উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, এই মর্যাদাটা ধরে রেখে বাস্তবায়ন করে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। যাতে আমরা ২০৪১-এর মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘প্রত্যেকটা প্রকল্প গ্রহণের আগে আমাদের কাছে অনেক ধরনের প্রস্তাব আসে। অনেক আন্তর্জাতিক সংস্থাও প্রস্তাব নিয়ে আসে। সেখানে আমাদের যেটা করতে হবে, কোন প্রকল্প বাস্তবায়ন করলে আমার দেশের মানুষের উপকার হবে, তার থেকে আমরা কিছু অর্জন করতে পারব।’


