আস্থার প্রতিদান দিতে পারলেন না নাঈম শেখ। ব্যাট হাতে খারাপ সময় পার করা লিটন কুমার দাসের জায়গায় সুযোগ দেওয়া হয়েছিল বাঁহাতি এই ওপেনারকে। কিন্তু এক রান করেই ফিরে গেলেন নাঈম। শ্রীলঙ্কার পেসার দুশমন্থ চামিরার বলে স্লিপে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে থামেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে নিজের ছায়া হয়ে থাকা সাকিব আল হাসানও রানের দেখা পাননি। লঙ্কানদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৪ রান করেই আউট হয়ে গেছেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে রানের খাতাই খোলা হয়নি সাকিবের, প্রথম ওয়ানডেতে করেন ১৫। তিন ম্যাচে বাঁহাতি এই অলরাউন্ডারের মোট রান ১৯।
৯ রানের মধ্যে নাঈম ও সাকিবকে হারিয়ে বিপাকেই পড়ে গেছে বাংলাদেশ। চাপ কাটিয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অধিনায়ক তামিম ইকবাল ও এই সিরিজে রানের ফোয়ারা বইয়ে দেওয়া মুশফিকুর রহিম। ৭ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৯ রান। তামিম ১১ ও মুশফিক ২ রানের ব্যাটিং করছেন।


