ক্রীড়া ডেস্ক : ছোটখাটো কোনো টার্গেট নয়। বেশ বড় টার্গেট। টি-টোয়েন্টিতে দুই শতাধিক রান একটু বড়-ই বটে। কিন্তু ২০৯ রানের টার্গেট যখন ৭ উইকেট ও ১৫ বল হাতে রেখে কোনো দল জিতে যায় তখন বুঝতে হবে ব্যাট হাতে কেউ প্রতিপক্ষের বোলারদের উপর তাণ্ডব চালিয়েছেন।
বৃহস্পতিবার রাতে গুজরাট লায়ন্সের বিপক্ষে তেমন কিছুই করেছেন দিল্লি ডেয়ারডেভিলসের রিশাব প্যান্ট। ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে ৪৩টি বল খেলার সুযোগ পান এই তরুণ তুর্কি। ৪৩টি বলের ১৫টিকে সীমানা ছাড়া করেছেন। তার মধ্যে ৬টি চার। ৯টি ছক্কা! বাসিল থাম্বির বলে উড়িয়ে মারতে গিয়ে আউট হওয়ার আগ পর্যন্ত তার ব্যাট থেকে আসে ৯৭টি রান!।স্ট্রাইক রেট ২২৫.৫৮!
তার সঙ্গে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামা সঞ্জু স্যামসন ৩১ বলে ৭টি ছক্কায় করেন ৬১ রান। তারা দুজন দ্বিতীয় উইকেট জুটিতে ১০.৩ ওভারে ১৩.৬১ রেটে তোলেন ১৪৩ রান।
অবশ্য প্যান্টের আগে আউট হয়েছিলেন স্যামসন। দলীয় ১৬৭ রানে স্যামসন ফিরে যাওয়ার পর ১৭৯ রানে ফিরে যান প্যান্ট। চতুর্থ উইকেট জুটিতে জয়ের বাকি কাজটুকু সারেন শ্রেয়াস আয়ার ও কোরি অ্যান্ডারসন। আয়ার ৮ বলে ২ ছয়ে ১৪ ও অ্যান্ডারসন ১২ বলে ২ ছয়ে ১৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তাতে ১৭.৩ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ২১৪ রান তুলে জয় পায় দিল্লি।
ব্যাট হাতে ঝড় তুলে ম্যাচসেরা নির্বাচিত হন দিল্লির ব্যাটসম্যান রিশাব প্যান্ট।
তার আগে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে গুজরাট লায়ন্স। অধিনায়ক সুরেশ রায়নার ৪৩ বলে করা ৭৭ ও দিনেশ কার্তিকের ৩৪ বলে করা ৬৫ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৮ রানের বড় সংগ্রহ পায় গুজরাট। বল হাতে দিল্লির কাগিসু রাবাদা ও প্যাট কামিন্স দুটি করে উইকেট নেন।
এ জয়ের ফলে ১০ ম্যাচ থেকে ৮ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের ষষ্ঠস্থানে অবস্থান করছে দিল্লি ডেয়ারডেভিলস। অন্যদিকে ১১ ম্যাচ থেকে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে গুজরাট লায়ন্স।


