প্রত্যাশিত জয় শ্রীলঙ্কার

ক্রীড়া ডেস্ক: শ্রীলঙ্কার ম্যাচ জিততে প্রয়োজন ছিল ৬৩ রান। ওয়েস্ট ইন্ডিজের ৫ উইকেট। ব্রিজটাউনে কার মুখে শেষ হাসি ফুটে সেটা নিয়েই ছিল রোমাঞ্চ, উত্তেজনা।

তেমন কিছু হলো না। চতুর্থ দিনের শুরুতেই প্রত্যাশিত জয় তুলে নেয় শ্রীলঙ্কা। অবশ্য ১৪৪ রানের লক্ষ্য ছুঁতে মঙ্গলবার এক উইকেট হারায় তারা। ৪ উইকেটে ব্রিজটাউন টেস্ট জিতে নতুন কীর্তি গড়েছে লঙ্কানরা। এশিয়ার প্রথম দল হিসেবে ব্রিজটাউনে টেস্ট জিতল চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

আগের দিন জেসন হোল্ডারের তোপে পুড়ে শ্রীলঙ্কা। ১৪৪ রানের লক্ষ্যে ব্যাটিং নেমে ৭৪ রানে হারায় ৫ উইকেট। যার ৪টিই নেন হোল্ডার। মঙ্গলবারও ডানহাতি এ পেসারকে নিয়ে ভয় ছিল।

দিনের শুরুর ইঙ্গিতটা তেমনই ছিল। প্রথম ওভারের শেষ বলে আউট করেন ২৫ রানে দিন শুরু করা কুশল মেন্ডিসকে। রিভিউ নিয়ে বাঁচতে চেয়েছিলেন। কিন্তু কাজে আসেনি। হোল্ডারের এলবিডব্লিউর ফাঁদে পড়েন কুশল। নতুন ব্যাটসম্যান কুশল পেরেরাকে নিয়ে সপ্তম উইকেটে জুটি বাঁধেন দিলরুয়ান পেরেরা। দুই ব্যাটসম্যান ৬৩ রানের জুটি গড়ে দলকে দেন কাঙ্খিত জয়। ওয়েস্ট ইন্ডিজের বোলাররা চেষ্টা করলেও শেষটা রাঙাতে পারেননি। কুশল পেরেরা ২৮ ও দিলরুয়ান পেরেরা ২৩ রানে অপরাজিত থাকেন।

১৬.২ ওভারে ৬৩ রান তুলে নেয় শ্রীলঙ্কা। দেড় ঘন্টার লড়াইয়ে সিরিজ বাঁচায় শ্রীলঙ্কা। তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট জিতে এগিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্ট ড্র হয়। ব্রিজটাউন টেস্ট জিতে শ্রীলঙ্কা কীর্তি গড়ার পাশাপাশি টেস্ট সিরিজও বাঁচাল।

৯ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন হোল্ডার। আর সিরিজ সেরার পুরস্কার উঠেছে শন ডরউইচের হাতে।