ক্রীড়া ডেস্ক: মেক্সিকোর বিপক্ষে প্রি-কোয়োর্টার রাউন্ডের ম্যাচে মার্সেলোকে শুরুতে পাচ্ছে না ব্রাজিল। সাইড বেঞ্চে থাকবেন এ ফুল ব্যাক। দ্বিতীয়ার্ধে তাকে নামানো হতে পারে বলে ধারণা দিয়েছেন ব্রাজিলের কোচ তিতে।
সোমবার রাতে সামারায় মেক্সিকোর বিপক্ষে ডু অর ডাই ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।
গত বুধবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সার্বিয়ার বিপক্ষে দশম মিনিটে পিঠের ব্যথায় মাঠ ছাড়েন মার্সেলো। চোট সারিয়ে রোববার দলের সঙ্গে অনুশীলন করেছেন মার্সেলো। অনুশীলনে ফেরায় তাকে নিয়ে আশা বেড়ে যায়। তবে সংবাদ সম্মেলনে মার্সেলোকে নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দেন তিতে।
‘আমরা দল চূড়ান্ত করেছি। শেষ একাদশ নিয়েই মাঠে খেলব। ফিলিপে লুইস আমাদের হয়ে খেলবে। (মার্সেলো নয়)।’ মার্সেলোর বদলি হয়ে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামেন লুইস। অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে খেলা এ ফুটবলার প্রথমবারের মতো বিশ্বমঞ্চে মাঠে নামেন। কোচের আস্থার প্রতিদান দেন এ ফুল ব্যাক। মার্সেলোকে সাইড বেঞ্চে থাকবেন এমন আভাস দিয়েছেন তিতে। দলের প্রয়োজনে দ্বিতীয়ার্ধে তাকে মাঠে নামাবেন তিতে।
রোববার অনুশীলনের কয়েক ঘন্টা আগে সামারায় পৌঁছায় ব্রাজিল। এরপর প্রায় দুই ঘন্টার মতো সামারায় অনুশীলন করেন সেলেকাওরা। মার্সেলোও ট্রেনিংয়ে ছিলেন। তবে পুরোদমে নিজেকে প্রস্তুত করতে পারেননি মার্সেলো, সেটা তার অনুশীলনেও বোঝা যাচ্ছিল।


