প্রথম সেশনে দাপট লঙ্কানদের

প্রথম টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে দাপট দেখিয়েছে শ্রীলঙ্কান ব্যাটাররা। লাঞ্চ বিরতিতে যাবার আগে লঙ্কানদের সংগ্রহ ৩ ‍উইকেট হারিয়ে ৩৩১ রান। ফলো অন এড়াতে মাত্র ১১ রান দূরে অবস্থান করছে তারা।

শনিবার (২৪ এপ্রিল) পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিরতির আগে ২৯০ বলে ১৩৯ রান তুলেছেন দিমুথ করুনারত্নে। তার সঙ্গে ক্রিজে থাকা ধনঞ্জয়া ডি সিলভা ১৩৭ বল খেলে ৭৪ রান তুলেছেন।

৭ উইকেটে বাংলাদেশের করা ৫৪১ রানের জবাবে ৭৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২৯ রান নিয়ে দিন শুরু করে স্বাগতিকরা। সেখান থেকে কোনও উইকেট না হারিয়ে আরও ১০২ রান যোগ করেছেন করুনারত্নে ও ডি সিলভা।

দুর্দান্ত ব্যাট করে ক্যারিয়ারের ১১তম টেস্ট শতক তুলে নিয়েছেন অধিনায়ক করুনারত্নে। অন্যদিকে সাদাপোশাকে নবম অর্ধ শতক আদায় করেছেন ডি সিলভা।

আগের দিন ১২৫ বলে ৫৮ রান করেন লাহিরু থিরিমানে। ৪৩ বলে ওসাদা ফার্নান্দো তুলেন ২০ রান। এছাড়া ৩২ বলে ২৫ রান করে মাঠ ছাড়েন অ্যাঞ্জেলো ম্যাথুজ।

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম একটি করে উইকেট তুলেন।