প্রবাসীর স্ত্রীকে নির্যাতনকারী ইউপি সদস্য গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে অনৈতিক কার্যকলাপের অভিযোগে জুতার মালা পরিয়ে প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের ঘটনায় করা মামলায় স্থানীয় ইউপি সদস্য কাউছার চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাতী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কাউছার চৌধুরী বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য।

এর আগে নির্যাতিত প্রবাসীর স্ত্রী বাদী হয়ে ইউপি সদস্য কাউছারসহ কয়েকজনের নাম উল্লেখ করে মোল্লাহাট থানায় মামলা করেন।

বাগেরহাটের অতিরিক্ত এমপি মো. আছাদুজ্জামান বলেন, নির্যাতিতা নারী বাদী হয়ে ইউপি সদস্য কাউছারসহ কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। প্রধান আসামি ইউপি সদস্য কাউছার চৌধুরীকে গ্রেফতার করা হয়। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে অনৈতিক কার্যকলাপের অভিযোগ এনে মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাতি গ্রামে এক প্রবাসীর স্ত্রীর গলায় জুতার মালা পরিয়ে মারধর ও নির্যাতন করেন ইউপি সদস্য কাউছার চৌধুরী ও স্থানীয় প্রভাবশালীরা।ঘটনার পরে লোকলজ্জার ভয়ে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নেয় ওই নারী। বুধবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে। এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।