ক্রীড়া প্রতিবেদক : যুক্তরাষ্ট্রে পৌঁছে সাকিব আল হাসান বলেছিলেন, প্রবাসী বাংলাদেশিদের সমর্থন নিয়ে শেষ দুই ম্যাচে খেলা উপভোগ করবে বাংলাদেশ। ফ্লোরিডায় আজ দারুণ উপভোগ্য ক্রিকেট খেলেই দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১২ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ দল। ম্যাচ শেষে অধিনায়ক সাকিব বললেন, গ্যালারিতে প্রবাসী বাংলাদেশিদের আধিপত্য দেখে মনে হচ্ছিল তারা বাংলাদেশেই খেলছেন! ফ্লোরিডার লডারহিল ওয়েস্ট ইন্ডিজের জন্য অনেকটা ঘরের মাঠের মতোই। এই নিয়ে তৃতীয়বারের মতো লডারহিলে আন্তর্জাতিক ম্যাচ খেলছে ক্যারিবীয়রা। এর আগে ২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ও ২০১৬ সালে ভারতের বিপক্ষে খেলেছিল তারা। আর বাংলাদেশ এবারই প্রথম খেলছে সেখানে। মার্কিন মুলুকে নিজেদের প্রথম ম্যাচটা জয় দিয়েই রাঙিয়ে রাখলেন সাকিব, তামিমরা। প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সাকিবদের কাছে মাঠটা অচেনা মনে হয়নি।

প্রবাসী সমর্থকদের তাই ধন্যবাদ জানিয়ে সাকিব বলেন, ‘দর্শকদের সমর্থন খুব বড় একটা ব্যাপার ছিল। কখনো মনেই হয়নি আমরা ঘর থেকে বাইরে খেলছি। মনে হচ্ছিল, বাংলাদেশেই খেলছি। আশা করি আগামীকালও তারা আমাদের এভাবে সমর্থন দেবেন।’ সেন্ট কিটসে বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে ক্যারিবীয়দের সামনে স্রেফ উড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে বিশ্বাস হারায়নি দল।

সাকিব বললেন, তাদের বিশ্বাস ছিল ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারবেন, ‘আমি মনে করি, সেন্ট কিটসে হারের পরও জয়ের বিশ্বাসটা কাজে দিয়েছে। নিজেদের মধ্যে আমরা বেশ ভালো একটা আলোচনা করেছিলাম। সবাই বিশ্বাসী ছিলাম যে, এই ওয়েস্ট ইন্ডিজ দলকে আমরা হারাতে পারি। এই মানসিকতাই দৃশ্যপট পাল্টে দিয়েছে।’ একই মাঠে আগামীকাল শেষ ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ।


