প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের জয়

ক্রীড়া ডেস্ক : রাশিয়া বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ এক জয় পেয়েছে ইংল্যান্ড। মার্কাস রাশফোর্ড ও ড্যানি ওয়েলবেকের একটি করে গোলে কোস্টারিকাকে ২-০ গোলে হারিয়েছে গ্যারেথ সাউথগেটের দল।

বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে এই ম্যাচে শনিবার নাইজেরিয়াকে ২-১ গোলে হারানো ম্যাচ থেকে ১০টি পরিবর্তন এনেছিলেন ইংল্যান্ডের কোচ। একমাত্র খেলোয়াড় হিসেবে দলে জায়গা ধরে রাখেন জন স্টোনস। অভিষেক হয় লিভারপুলের ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আরনল্ডের।

দুই দল সবশেষ মুখোমুখি হয়েছিল ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে। গোলশূন্য ড্র হয়েছিল ম্যাচটি। এবার যে সেটির পুনরাবৃত্তি হবে না, তা ১৩ মিনিটেই নিশ্চিত করেন রাশফোর্ড। দূর থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তরুণ ফরোয়ার্ড।

প্রথমার্ধে দুর্দান্ত খেলা ইংল্যান্ড দ্বিতীয়ার্ধে কিছুটা ছন্দ হারিয়ে ফেলে। বেশ কিছু পরিবর্তন আনেন সাউথগেট। এর মধ্যে গোলরক্ষক নিক পোপ প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবলের স্বাদ পান।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামার ১৪ মিনিটের মধ্যেই গোল করেন ওয়েলবেক। ডেলে আলীর ক্রস থেকে হেডে বল জালে জড়ান আর্সেনালের এই ফরোয়ার্ড। ইংল্যান্ড এগিয়ে যায় ২-০ গোলে। শেষ পর্যন্ত এই স্কোরলাইন ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

রাশিয়া বিশ্বকাপে ‘জি’ গ্রুপে ইংল্যান্ডের সঙ্গে আছে পানামা, বেলজিয়াম ও তিউনিসিয়া। ১৮ জুন তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ১৯৬৬ সালের চ্যাম্পিয়নদের বিশ্বকাপ অভিযান।