প্রিমিয়ার লিগে থাকা নিশ্চিত করেছে ব্রাইটন

ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের মাঠে বিব্রতকর হার সঙ্গী করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ‘রেড ডেভিল’দের ১-০ গোলে হারিয়ে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে থাকা নিশ্চিত করেছে ব্রাইটন।

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯ ম্যাচে ব্রাইটনের মাত্র দ্বিতীয় জয় এটি, আর ১৯৮২ সালের পর ইংল্যান্ডের শীর্ষ লিগে প্রথম। সেই মৌসুমের পর এবারই প্রথম লিগে খেলছে ব্রাইটন। খেলা নিশ্চিত করল আগামী মৌসুমেও।

অন্যদিকে ইউনাইটেড ১৯৮৯-৯০ মৌসুমের পর প্রথমবারের মতো এই মৌসুমে প্রিমিয়ার লিগে উঠে আসা নতুন তিন দলের বিপক্ষেই হারল। এবং তিনটি হারই প্রতিপক্ষের মাঠে, যা তাদের ক্লাব ইতিহাসেই প্রথম!

শুক্রবার গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৭ মিনিটে পাসকেল গ্রসের হেডে জয়সূচক গোলটি পায় ব্রাইটন। হোসে ইজকুয়েরদোর ক্রস থেকে গ্রসের হেড ক্লিয়ার করেছিলেন মার্কাস রোহো। তবে বল গোললাইন পেরিয়ে গিয়েছিল।

১৯৭৮ সালের পর প্রথমবারের মতো শুক্রবার কোনো লিগ ম্যাচ হারল ইউনাইটেড। শেষবার তারা বোল্টনের কাছে হেরেছিল ৩-০ গোলে। এরপর এই দিনে (শুক্রবার) হওয়া ১৬ ম্যাচে অপরাজিত ছিল তারা।

ব্রাইটনের মাঠে হারলেও ৩৬ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে ৯৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আগেই শিরোপা জেতা ম্যানচেস্টার সিটি। ৩৬ ম্যাচে ব্রাইটনের ৪০ পয়েন্ট।