ক্রীড়া ডেস্ক: ব্রিটিশ নাম্বার ওয়ান টেনিস ললনা জোহান্না কন্তাকে হারিয়ে এবারের উইম্বলডনের ফাইনালে উঠেছেন ভেনাস উইলিয়ামস। মর্যাদার আসরের ফাইনাল নিশ্চিতের পর জরিমানা গুনতে হচ্ছে মার্কিন এ টেনিস তারকাকে।
শুক্রবার উইম্বলডনের ফাইনাল নিশ্চিত করার পর সংবাদ সম্মেলনের হাজির হওয়ার কথা ছিল ভেনাস উইলয়ামসের।নিয়ম অনুযায়ী যেটা ছিল বাধ্যতামূলক। তবে সে নিয়ম অমান্য করে করে সংবাদ সংম্মেলন এড়িয়ে গেছেন ভেনাস। আর তাতেই ৭৫০০ ডলার জরিমানা গুনতে হচ্ছে ৩৭ বছর বয়সি এ মার্কিন ললনাকে।
সেমিতে ইংল্যান্ডের কন্তাকে ৬-৪, ৬-২ সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন ভেনাস। এর আগে কোয়ার্টার ফাইনালে জয়ের পরও ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হাজির হননি তিনি।
এমন আচরণের জন্য শাস্তির ঘটনা এটাই প্রথম নয় ভেনাসের জন্য। এর আগে ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেনেও সংবাদ সম্মেলনে যোগ না দেওয়ায় ভেনাসকে ৫ হাজার ডলার জরিমানা করা হয়েছিল। ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডে হারের পর সংবাদ সম্মেলনে যোগ দেননি তিনি।
উইম্বলডনের ফাইনালে রোববারের ভেনাসের প্রতিপক্ষ স্পেনের গার্বিনে মুগুরুজা। ফাইনালে উঠার লড়াইয়ে স্লোভাকিয়ার মাগদালেনা রিবারিকোভাকে হারিয়েছিলেন তিনি।


