ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে আজ মাঠে নামছে আসরের অন্যতম হট ফেবারিট ইংল্যান্ড ও পাকিস্তান। মর্যাদার ফাইনালের টিকিট পেতে আজ সেরাটা দেওয়ার প্রত্যয়ে থাকবে দুই মহাদেশের দুই পরাশক্তি দল।
কার্ডিফের সোফিয়া গার্ডেনে আজ পাকিস্তানকে আতিথ্য দেবে স্বাগতিক ইংল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি, মাছারাঙ্গা টিভি ও স্টার স্পোর্টস ১।
চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরে একমাত্র দল হিসেবে এখনও পর্যণ্ত কোনো ম্যাচে হারেনি ইংল্যান্ড। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ এরপর নিউজিল্যান্ড ও শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে ফেবারিট হিসেবে সেমিতে নাম লেখে দলটি। অন্যদিকে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে জিতে সেমিফাইনালে উঠেছে উপমহাদেশের দল পাকিস্তান।
আজকের সেমিফাইনালেও ফেবারিট ধরা হচ্ছে ইংল্যান্ডকে। শুধু ঘরের মাঠে খেলবে বলে নয় সম্প্রতি বেশ আগুনে ফর্মে রয়েছে ইংলিশরা। শেষ ১২ ওয়ানডের ১১টিতে জয় পেয়েছে উইয়ন মরগানের দল। এর মধ্যে প্রথমে ব্যাট করতে নেমে ৫টি ম্যাচে ৩০০ এর অধিক রান করেছে দলটি। বিশেষ করে ২০১৫ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার পর দুর্দান্ত খেলছে ইংল্যান্ড। এছাড়া শেষে ৪৭ ওডিআইতে ২৫টি সেঞ্চুরি ইংলিশ ব্যাটসম্যানদের ছন্দ আর ফর্মে থাকার কথাও জানান দেয়।
তবে ওপেনিংয়ে জেসন রয়ের ফর্মহীনতায় কিছুটা চিন্তিত ইংল্যান্ড। এ ক্ষেত্রে ওপেনিংয়ে মঈন আলী কিংবা ইয়র্কশায়ারের ব্যাটসম্যান বেয়ারস্টোকে আজ সুযোগ দিতে পারে স্বাগতিকরা।
অন্যদিকে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ১২৪ রানে হারের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডিএল মেথডে ১৯ রানে অপ্রত্যাশিত জয় পেয়েছে পাকিস্তান। এরপর শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে সেমিতে উঠে এসেছে বর্তমানে র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে থাকা পাকিস্তান।
গতবার সবশেষে ইংল্যান্ড সফরে চার ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-১ ব্যবধানে হেরেছিল পাকিস্তান। ওই চারটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছিল কার্ডিফে। এবারও সেমিফাইনালের ম্যাচটিও সেই লাকি ভেন্যুতে সফরফরাজ আহমেদের দলকে স্বাগত জানাবে ইংল্যান্ড। মর্যাদার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পৌঁছতে আজ পাকিস্তানকে কোনো ছাড় দিতে চাইবে না মরগান-স্টোকস-মঈন আলীরা।


