ক্রীড়া ডেস্ক : রিয়াল মাদ্রিদ মহাদেশীয় কিংবা বৈশ্বিক কোনো টুর্নামেন্টের ফাইনালে ওঠা মানেই তাদের শিরোপা নিশ্চিত! গত প্রায় দুই দশকে এমনটাই তো হয়েছে। অবশেষে ‘লস ব্ল্যাঙ্কোস’দের সেই রেকর্ডে ছেদ পড়ল। এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে বুধবার রাতে উয়েফা সুপার কাপের ফাইনালে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৪-২ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। প্রায় ১৮ বছর পর মহাদেশীয় কিংবা বৈশ্বিক কোনো টুর্নামেন্টের ফাইনালে হারল তারা। ২০০০ সালের ২৮ নভেম্বর ইন্টারকন্টিনেন্টাল কাপের (বর্তমানে ফিফা ক্লাব বিশ্বকাপ) ফাইনালে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের কাছে ২-১ গোলে হেরেছিল রিয়াল। সেটিই ছিল এতদিন মহাদেশীয় কিংবা বৈশ্বিক কোনো টুর্নামেন্টের ফাইনালে রিয়ালের সর্বশেষ হার। এরপর থেকে টানা ১৩ ফাইনাল জিতেছিল রিয়াল। এর মধ্যে ২০১৪ ও ২০১৬ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে অ্যাটলেটিকোকে হারিয়েই শিরোপা জিতেছিল তারা। দুইবার তাদের কাছে ফাইনালে হার মানে সেভিয়াও। বায়ের লেভারকুসেন, ফেইনুর্দ, ওলিম্পিয়া, সান লরেঞ্জো, কাশিমা অ্যান্টলার্স, জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড, গ্রেমিও ও লিভারপুল একবার করে।


