ফিফার নিষেধাজ্ঞায় ব্রাজিল ফুটবল প্রধান

ক্রীড়া ডেস্ক: দুর্নীতির অভিযোগে গত বছরের ডিসেম্বরেই বহিস্কার হয়েছিলেন তিনি। এবার সেগুলো প্রমানীত হওয়ায় ফুটবল থেকে আজীবনের জন্য নিষিদ্ধই হয়ে গেলেন ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মার্কো পোলো দেল নেরো। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

অভিযোগ রয়েছে যে দক্ষিণ আমেরিকার টুর্নামেন্ট কোপা আমেরিকা, কোপা লিবের্তাদোরেস, কোপা দো ব্রাজিলের মতো টুর্নামেন্টগুলোর মিডিয়া ও মার্কেটিং স্বত্ব বিক্রির সময় ঘুষ নিয়েছেন দেল নেরো। তাঁর কার্যক্রম ফিফার এথিকস কোড ভঙ্গ করেছে বলেই এই নিষেধাজ্ঞা।

ব্রাজিল ফুটবল প্রধানের নিষেধাজ্ঞা নিয়ে এক বিবৃতিতে ফিফা জানায়, ‘কোপা আমেরিকা, কোপা লিবের্তাদোরেস, কোপা দো ব্রাজিলের মতো টুর্নামেন্টগুলোর মিডিয়া ও মার্কেটিং স্বত্ব বিক্রিতে ভূমিকা রাখার বিনিময়ে ঘুষ নিয়েছেন তিনি। যে কারণে দেল নেরোকে আজীবনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সব ফুটবলীয় কার্যক্রম থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।’

আজীবন নিষেধাজ্ঞার সঙ্গে আর্থিক জরিমানাও করা হয়েছে দেল নেরোকে। তাকে ১ মিলিয়ন ‍সুইস ফ্রাঙ্ক জরিমানা করা হয়েছে।