গত ৮৪ বছরে অনুষ্ঠিত হওয়া ২০ বিশ্বকাপে ২০টি পোস্টার প্রকাশ করেছে ফিফা। আসন্ন রাশিয়া বিশ্বকাপ উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে ২১তম পোস্টারটিও। প্রায় এক শতাব্দী ধরে প্রকাশ হতে থাকা এই সব পোস্টার আসলে হয়ে উঠেছে কালের সাক্ষী। এতে আয়োজক দেশের শিল্প-সংস্কৃতি, চিত্রকলার রুচি ও সমকালীন অনেক কিছুই প্রকাশ পেয়েছে।
১৯৮৬ সালের বিশ্বকাপ বসে মেক্সিকোতে। আসরটি আসলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কলম্বিয়ায়। কিন্তু অর্থনৈতিক জটিলতার কারণে কলম্বিয়া বিশ্বকাপ আয়োজনে অপারগতা প্রকাশ করে। পরে ১৯৮৩ সালে ফিফা মেক্সিকোকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেয়।
এর মাধ্যমে টানা তৃতীয়বার স্প্যানিশ ভাষায় কথা বলা দেশে বিশ্বকাপ আয়োজিত হয়। ১৯৭৮ সালের বিশ্বকাপ হয় আর্জেন্টিনায় এবং পরেরটি হয় স্পেনে। ১৯৮৬ সালের বিশ্বকাপ বিখ্যাত হয়ে আছে দিয়েগো ম্যারাডোনার অবিশ্বাস্য কীর্তিতে। তার পারফর্ম্যান্সে ভর করে ১৯৮৬ সালে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।
১৯৮৬ সালের বিশ্বকাপের পোস্টারটি তৈরি করেন অ্যানি লিবোভিটজ। তিনিই ইতিহাসের একমাত্র ফটোগ্রাফার যাকে বিশ্বকাপের পোস্টার তৈরির দায়িত্ব দেয়া হয়। দায়িত্বটা তিনি যথাযথভাবেই পালন করেন। অ্যানির তৈরি করা পোস্টারে দেখা যায় আজটেকসের পুরাকীর্তির সামনে একটি ফুটবল। আর পুরাকীর্তির গায়ে একজন ফুটবলারের লম্বা দেহের প্রতিবিম্ব। এই পোস্টারটির মাধ্যমে মেক্সিকোর ইতিহাসকে তুলে ধরা হয়।


