নভেল করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় কঠোর লকডাউন দেওয়া হয়েছে আর্জেন্টিনায়। ফলে ফের শঙ্কা জেগেছে কোপা আমেরিকা নিয়ে। এমনকি ১০ দিনের জন্য স্থগিত হয়ে গেছে আর্জেন্টিনা লিগের প্লে-অফগুলো। লকডাউনের প্রভাব পড়তে পারে বিশ্বকাপ বাছাইতেও।
করোনার প্রভাবে ফের আর্জেন্টিনার অবস্থা নাজুক। বুয়েনস আইরেস টাইমসের প্রতিবেদন অনুযায়ী, করোনার চলমান প্রকোপ কমাতে ৯ দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে দেশটির প্রেসিডেন্ট আলবের্তো ফের্নান্দেস। ৩১ মে পর্যন্ত চলবে এই লকডাউন।
এর ফলে থেমে গেছে লিগের প্লে-অফের খেলা। প্রভাব পড়তে যাচ্ছে বিশ্বকাপ বাছাইয়েও। কারণ আগামী জুনের শুরুতে শুরু হওয়ার কথা ছিল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো। এরপর ১৩ জুন থেকে শুরু হওয়ার কথা কোপা আমেরিকা। সব মিলিয়ে শঙ্কা তৈরি হয়েছে আসরকে ঘিরে।


