ফ্রান্সের সামনে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক : আজ থেকে শুরু হচ্ছে নকআউট পর্বের খেলা। শেষ ষোলো পর্বের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও একবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি, মাছরাঙা টিভি ও সনি টেন-২।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য আর্জেন্টিনা বেশ এগিয়ে। এর আগে ১১ বারের মুখোমুখিতে আর্জেন্টিনা জিতেছে ৬ বার। ফ্রান্স ২ বার। বিশ^কাপে ১৯৭৮ সালে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়েছিল আলবিসিলেস্তারা। সবশেষ ২০০৭ ও ২০০৯ সালে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দল দুটি। দুইবারই জিতেছে আর্জেন্টিনা। আজও কী তারা জিতবে? নাকি জয়ের সংখ্যাটা বাড়িয়ে নিতে পারবে ফরাসিরা।

দুই দলের শক্তিমত্তা বিবেচনা করলে আর্জেন্টিনার চেয়ে ফ্রান্সের তারুণ্য নির্ভর এই দলটি বেশ শক্তিশালী। তাদের দলে রয়েছে ইউরোপের সেরা সেরা পারফরমাররা। পল পোগবা, স্যামুয়েল উমতিতি, অ্যান্তোনিও গ্রিজমান, ওসমানে দেম্বেলে, কালিয়ান এমবাপের মতো তারকারা ম্যাচের গতিপথ যেকোনো সময় পাল্টে দিতে পারেন। অন্যদিকে লিওনেল মেসি, অ্যাঙ্গেল ডি মারিয়া, সার্জিও আগুয়েরো, মার্কাস রোহোরাও পাল্টে দিতে পারেন ম্যাচের ভাগ্য। লিওনেল মেসি তার দিনে প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে পারেন।

কিন্তু বিশ্বকাপের নকআউটপর্বের পরিসংখ্যান মেসির পক্ষে কথা বলছে না। এর আগে নকআউট পর্বে তিনি কোনো গোলের দেখা পাননি। ৬৬৬ মিনিট খেলে এখনও তিনি গোলশূন্য। ব্যর্থতার এই বৃত্ত ভেঙে আজ কী লিও বেরিযে আসতে পারবেন?

আজকের এই ম্যাচে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম দলে পাবেন না ম্যানচেস্টার সিটির বেঞ্জামিন মেন্ডিকে। তিনি পেশির ইনজুরিতে ভুগছেন। তবে আগের ম্যাচে বিশ্রাম দেওয়া লুকাস হার্ন্দান্দেজ আজ খেলতে পারেন। আর্জেন্টিনা দলে কোনো ইনজুরি নেই। ফ্রান্সের বিপক্ষে আজ আগের ম্যাচের একাদশই মাঠে নামাতে পারেন সাম্পাওলি। আর সেটা যদি হয় তাহলে টানা ১৫ ম্যাচে একাদশ পরিবর্তনের পর আজ অপরিবর্তিত একাদশ মাঠে নামাবেন হোর্হে সাম্পাওলি।

আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটা অনুমেয়। কিন্তু দিন শেষে দুই সাবেক চ্যাম্পিয়নদের একটিকে দেশে ফেরার জন্য বিমানের টিকিট কাটতে হবে। সেই দলটি কারা হয় সেটাই দেখার বিষয়।