বগুড়া: বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকচাপায় আব্দুর রহিম (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার মুরইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রহিম কাহালু উপজেলার বিঞ্চুপুর দফতরীপাড়ার মৃত আছির উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি রাইচ মিলে কাজ করতেন।
স্থানীয়রা জানায়, রহিম কাহালু উপজেলার একটি রাইচ মিলে কাজ করতেন। সকালে কাজ শেষে তিনি বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে মুরইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লতিফুল ইসলাম বলেন, সকালে উপজেলার মুরইল বাসস্ট্যান্ড এলাকায় একটি ট্রাক সাইকেলআরোহী রহিমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়েছেন।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি লতিফুল।


