বগুড়ায় ত্রাণের চাল চুরি, আটক ট্রাক চালক-হেলপার

জেলা প্রতিবেদকঃ সরকারি গুদামে ত্রাণের চাল স্থানান্তরের সময় বগুড়ার আদমদীঘি উপজেলায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আশা পেট্রোল পাম্প এলাকায় ট্রাক থেকে কৌশলে ১৫ বস্তা চাল চুরির সময় ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের আমনুরার পরিবহন ঠিকাদার মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা করেন। পরে ট্রাক চালক ও হেলপারকে বিকেলে আদালতে পাঠানো হয়।
তারা হলেন- জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার জাফরপুর গ্রামের রায়হান আলী (ট্রাকচালক) ও আদমদীঘির সান্তাহার নতুন বজার চা-বাগান এলাকার আল আমিন (হেলপার)।
জানা যায়, রাজশাহীর মেসার্স এলাহি এন্টারপ্রাইজ ও চাঁপাইনবাবগঞ্জের আমনুরার মেসার্স মোজাম্মেল হোসেন নামের দুইটি পরিবহন ঠিকাদার প্রতিষ্ঠান গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে ঢাকা মেট্রো-ট-১৮-৩৪২৯ ও ঢাকা মেট্রো- ১৪-৯৭১৪ নম্বর দুইটি ট্রাক জয়পুরহাট জেলার আক্কেলপুর এলএসডি খাদ্যগুদাম থেকে সরকারি ত্রাণের ১৩৪২ বস্তায় ৪০ মেট্রিক টন চাল বোঝাই করে রাজশাহী জেলার বাঘাবাড়ি এলএসডি খাদ্য গুদামে স্থানান্তর করার জন্য রওয়ানা হয়। ট্রাক দুটি রাত ১০টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার আশা পেট্রোল পাম্পের নিকট থামিয়ে সেখান থেকে কৌশলে চাল চুরি করা হচ্ছে এমন সংবাদের ভিক্তিতে পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে ১৫ বস্তায় ৪৫০ কেজি চাল উদ্ধার করে। সেখান থেকে চালক রায়হান আলী ও হেলপার আল আমিনকে আটক করা হয়। এসময় অপর ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়।
আদমদীঘি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার বিকেলে আটকদের আদালতে প্রেরণ করা হয় এবং অপর আসামিদের আটকের চেষ্টা চলছে।