বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে তিন জনের মৃত্যু

বগুড়ার শেরপুরে নিজ বসতবাড়ির উঠান পরিষ্কার করতে গিয়ে পূজামণ্ডপে টাঙানো আলোকসজ্জার তারে বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের চুরকুটা গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় আরও তিনজন আহত হন।

নিহতরা হলেন- উপজেলার বিশালপুর ইউনিয়নের চুরকুটা গ্রামের বির্জন চন্দ্র ভুঁইয়ার ছেলে ক্ষিতিশ চন্দ্র ভুঁইয়া (৬৫), তার ভাতিজা একই গ্রামের বিমল চন্দ্র ভুঁইয়ার ছেলে পলাশ চন্দ্র ভুঁইয়া (৩৫) ও প্রতিবেশী চাঁন চন্দ্র ভুঁইয়ার ছেলে ক্ষিতিশ চন্দ্র ভুঁইয়া (৩০)।

স্থানীয়রা জানান, নিজ বাড়ির উঠান পরিষ্কার করছিলেন ক্ষিতিশ চন্দ্র। একপর্যায়ে গ্রামের চুরকুটা দুর্গা মন্দির পূজামণ্ডপে নেওয়া বিদ্যুৎ লাইনের তারে বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। এসময় তাকে উদ্ধার করতে এগিয়ে যান ভাতিজা পলাশ চন্দ্র ভুঁইয়া, ছেলে শ্রী রুবেল চন্দ্র ভুঁইয়া, প্রতিবেশী ক্ষিতিশ চন্দ্রসহ ছয়জন। তার বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই ওই তিনজন মারা যান।

এছাড়া আহতদের মধ্যে গুরুতর শ্রী রুবেল চন্দ্র ভুঁইয়াকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যাওয়ায় তাদের নাম পরিচয় জানা যায়নি।