বগুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী ও  দুই শিশু নিহত

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল এলাকা যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী ও  দুই শিশু নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলো- ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা মনোয়ার হোসেনের স্ত্রী শাবনুর (১২) ও মেয়ে মঞ্জিলা আক্তার (২) এবং দিনাজপুরের কাহারোল উপজেলার তারগাঁও এলাকার বাসিন্দা আলামিনের ছেলে মেহেদী হাসান (৩)।
পুলিশ জানায়, রাতে ঠাকুরগাঁও থেকে রাহবার এন্টারপ্রাইজ নামে একটি বাস ঢাকা যাওয়ার পথে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী ও দুই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় আহত ছয়জন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী সত্যতা নিশ্চিত করছেন।