বঙ্গবন্ধু সেতু মহাসড়কে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সেতু পূর্ব থানার সামনে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে চার জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুবুর রহমান বাংলানিউজকে জানান, সকালে মহাসড়কের সেতু পূর্ব থানার সামনে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সঙ্গে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাবিবুর রহমানের মৃত্যু হয়।