ক্যাম্পাস প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের নারীদের কাছে বেগম ফজিলাতুন্নেছা মুজিব অনুকরণীয়। তিনি যেমন দেশ ও মানুষের জন্য আত্মত্যাগ করেছেন, তেমনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামে সমর্থন ও সহযোগিতা করেছেন। জাতির পিতাকে হত্যার পর তিনি জীবন ভিক্ষা চাননি; বরং অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন।’
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সারা বিশ্বের নারীদের কাছে অনুকরণীয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও তার মেয়ে শেখ হাসিনা।
তিনি বলেন, ‘আন্দোলন সংগ্রামের জন্য বাবা বেশিরভাগ সময় বাইরে থাকলেও কখনই বিরক্ত করতেন না। বলতেন, আমি দেখবো তুমি চিন্তা করো না। সংসার সামলানোর পাশাপাশি জাতির পিতার অনেক সময়োচিত রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও বঙ্গমাতার পরামর্শ নিতেন। এতে আন্দোলন-সংগ্রামে গতির সঞ্চার করেছিল।’
রোববার (৭ আগস্ট) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নবগঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিডের উদ্যোগে ‘বঙ্গমাতা: অ্যা প্যারাগন অব উইমেন লিডারশিপ অ্যান্ড ন্যাশন-বিল্ডিং ইন বাংলাদেশ’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, দেশ ও দেশের মানুষের জন্য আমার মায়ের যে আত্মত্যাগ, তা খুব কমই উঠে এসেছে। দেশের স্বাধীনতার জন্য আমার বাবার যে সংগ্রাম, সেই সংগ্রামের সারথি ছিলেন আমার মা। সবসময় আমার মা সাহস যুগিয়েছেন। আন্দোলন সংগ্রামের জন্য বাবা বেশিরভাগ সময় বাইরে থাকলেও কখনোই বিরক্ত করতেন না। বলতেন ‘আমি দেখব তুমি চিন্তা করো না’।
সংসার সামলানোর পাশাপাশি জাতির পিতার অনেক সময়োচিত রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বঙ্গমাতার পরামর্শ আন্দোলন-সংগ্রামে গতি সঞ্চার করেছিল বলে উল্লেখ করেন তিনি।
শেখ হাসিনা বলেন, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আমার মা খুনিদের কাছে নিজের জীবন ভিক্ষা চাননি। তিনি নিজে জীবন দিয়ে গেছেন। জাতির পিতার সিঁড়িতে পড়ে থাকা মৃতদেহ দেখে সোজা বলে দিয়েছেন, ‘তোমরা ওনাকে মেরেছ, আমাকেও মেরে ফেলো’। সেখানেই আমার মাকে তারা নির্মমভাবে হত্যা করে।
বঙ্গবন্ধুকন্যা বলেন, আমার মায়ের কোনো চাওয়া-পাওয়া ছিল না। দেশের জন্য, মানুষের জন্য, দলের জন্য তিনি সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। পৃথিবীর যেকোনো মেয়ে তা অনুসরণ করতে পারবে।
শেখ হাসিনা বলেন, মাতৃভাষা থেকে শুরু করে দেশের সব আন্দোলন-সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশাল অবদান রয়েছে। স্বাধীনতার পর দেশ গঠন এবং সব গণতান্ত্রিক আন্দোলনে ঢাবি মুখ্য ভূমিকা পালন করছে। আজ আমরা যে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, তারও সবচেয়ে বড় অবদান এ বিশ্ববিদ্যালয়ের। তাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে গর্ববোধ করি। আমাদের পরিবারের প্রায় সবাই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
সম্মেলন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ উদ্বোধন ঘোষণা করে তিনি বলেন, আমার মায়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্ত নিয়েছে, সেজন্য আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনাদের এই উদ্যোগ সফল হোক, আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দিচ্ছি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খ্যাতিমান কথা সাহিত্যিক ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. তানিয়া হক।


