বন্দরনগরী চট্টগ্রামে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভ

রাজিব শর্মা, চট্টগ্রামঃ চট্টগ্রামে জেএম সেন হলের পূজা মণ্ডপে হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত ৮৪ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ওই ঘটনায় ছয়শ’ জনের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যার ৬ টার নাগাদে সারা বাংলাদেশের হিন্দু মন্দির, মঠ, পূজা মন্ডপের হামলার প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিল পালিত হয়।

অন্যধিকে উক্ত ঘটনার কারনে আজ শনিবার সকালে কোতোয়ালী থানার এসআই আকাশ মাহমুদ ফরিদ বাদী হয়ে মামলা দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা,পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কামরুল হাসান জানান, গ্রেপ্তার ৮৪ আসামিকে আদালতে পাঠানো হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দীন বলেন, গতকাল জেএম সেন হলে হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয়েছে ৮৪ জনকে। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনার পেছনে যে বা যারা জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য গতকাল শুক্রবার দুপুরে জুমার নামাজের পর নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে বের হয়ে কিছু মুসল্লি পাশের জেএম সেন হলের পূজা মণ্ডপের গেইট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এসময় ব্যানার ছেঁড়ার পাশাপাশি প্রতিমাকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ে বলেও অভিযোগ করে পূজা কমিটি। এর প্রতিবাদে পূজা উদযাপন পরিষদ সাড়ে তিন ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে সন্ধ্যা থেকে প্রতিমা বির্সজন শুরু করে। এবং সারাদেশে হিন্দুদের উপর নির্যাতন, হত্যা, মূর্তি ভাংচুর, ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সহ হিন্দুত্ববাদী দলগুলো বিক্ষোভ করেন।

হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান পরিষদের অর্ধবেলা হরতালঃ

সারাদেশের পূজা মণ্ডপে হামলার প্রতিবাদে আজ শনিবার চট্টগ্রামে আধাবেলা হরতাল পালন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। গতকাল শুক্রবার হরতাল ঘোষণা করেন ঐক্য পরিষদ নেতা অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। নগরীতে হরতালের তেমন কোন প্রভাব না থাকলেও বিকাল ও সন্ধ্যেয় হরতালের সমর্থনে মিছিল সমাবেশ করেন ঐক্য পরিষদের নেতাকর্মীরা।

হরতালের সমর্থনে সকাল থেকে নগরীর আন্দরকিল্লা মোড়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নেতাকর্মীরা জড়ো হন। তারা সেখানে অবস্থান কর্মসুচি পালন করেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় হামলাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানানো হয়। ঘটনার নিন্দা জানিয়ে নেতারা বলেন, গুজব রটিয়ে হিন্দুদের ওপর হামলা চালানো হয়েছে। প্রতিমা ভাঙা হয়েছে। এতে অসাম্প্রদায়িক বাংলাদেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে।

একই ইস্যুতে এদিন পৃথক বিক্ষোভ কর্মসুচি পালন করে পূজা উদযাপন পরিষদ। ফলে হরতাল ও বিক্ষোভ- এই দুই কর্মসুচি নিয়ে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়।

চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের হিল্লোল সেন উজ্জল বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে হরতালের ঘোষণা দিয়ে পালন করেছেন তারা। আর আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই বলে গণমাধ্যমদের জানান।