বন্ধু এবার শত্রুতে পরিণত হতে যাচ্ছে

ক্রীড়া ডেস্ক : উইলিয়ান ও ইডেন হ্যাজার্ড। চেলসির দুজন সেরা খেলোয়াড়। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির হয়ে তারা দুজন কাঁধে কাঁধ মিশিয়ে লড়াই করেন। দুজন চেলসির অনেক জয়ে সমন্বিত অবদান রেখেছেন। প্রতিদিন একে অপরের সঙ্গে দেখা হয়েছে। অনুশীলনে কিংবা মাঠে খুনসুঁটিতে মেতেছেন। তারা দুজন ভালো বন্ধু।

কিন্তু বন্ধু এবার শত্রুতে পরিণত হতে যাচ্ছে। দুজন একই ক্লাবের হয়ে খেললেও আজ তাদের দেশ মুখোমুখি শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। যেখানে কেউ কাউকে এক বিন্দু ছাড় দিবে না। আগামীকাল শুক্রবার রাত ১২টায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও বেলজিয়াম। এই ম্যাচে ব্রাজিলের হয়ে লড়বেন উইলিয়ান। আর বেলজিয়ামের হয়ে লড়বেন হ্যাজার্ড।

উইলিয়ান জানিয়েছেন ব্রাজিল-বেলজিয়াম মুখোমুখি হলেও তাদের বন্ধুত্ব অটুট থাকবে। তিনি হ্যাজার্ডের ভূয়সী প্রশংসা করেছেন, ‘ সে খুবই ভদ্র একজন খেলোয়াড়। বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। ক্লাবে তার সঙ্গ আমি খুব উপভোগ করি। ক্লাবে প্রতিদিন তার সঙ্গে আমার দেখা হয়, কথা হয়। কিন্তু এখন আমরা যে যার দেশের হয়ে খেলছি। যে যার দেশকে বিজয়ী করতে বদ্ধ পরিকর। আমি জানি এই ম্যাচের পরও আমাদের বন্ধুত্ব একইরকম থাকবে।’

বিশ্বকাপের অন্যতম ফেবারিট ব্রাজিল প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ড্র করে হোঁচট খায়। এরপর অবশ্য আস্তে আস্তে নিজেদের ছন্দে ফিরে আসে দলটি। টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। ম্যাচ বাই ম্যাচ উন্নতি করছে সেলেকাওরা। ব্রাজিলের ছন্দে ফেরার বিষয়টি স্বীকার করেছেন উইলিয়ান, ‘প্রথম ম্যাচের পর থেকে আমরা যথেষ্ট উন্নতি করেছি। আসলে প্রথম ম্যাচে কিছুটা নার্ভাসনেস কাজ করেছিল। সুইজারল্যান্ডের বিপক্ষে সে কারণে শুরুটা ভালো হয়নি আমাদের। ম্যাচটি বেশ জটিল ছিল। তবে তারপর থেকে ম্যাচ বাই ম্যাচ আমরা উন্নতি করেছি। আশা করছি কোয়ার্টার ফাইনালেও আমাদের এই ধারাবাহিকতা অব্যহত থাকবে।’