আবুল হাসান বেল্লাল, প্রধান অনুসন্ধান প্রতিবেদক: জানবো জানাবো দুর্নীতি রুখবো এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় ৯ ও ১০ ডিসেম্বর ২ দিন ব্যাপি তথ্য মেলা রবিবার শেষ হয়েছে। বরগুনায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সচেতন নাগরিক কমিটি সনাক বরগুনা, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেন।
তথ্য মেলা উপলক্ষ্যে ৮ ডিসেম্বর সকালে দুর্নীতি বিরোধী সাইকেল র্যালী, ৯ ডিসেম্বর একটি বণার্ঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। মেলায় তথ্য অধিকার আইন ২০০৯ এর ব্যাপক প্রচার, বাস্তবায়ন এবং জনসচেতনতা তৈরিতে ৪০ টি স্টল স্থান পায়। দুর্নীতি বিরোধী কুইজ প্রতিযোগিতা ভ্রাম্যমান তথ্য পরামর্শ ডেক্স বিতর্ক প্রতিযোগিতা ও বাউল গানের আয়োজন করা হয়।
সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এ মেলা চলে। তবে ২ দিনের বৃষ্টিতে গত বছরের তুলনায় এ বছর জনসাধারনের উপস্থিতি আশানুরুপ হয়নি। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও কুইজ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মো: মোখলেছুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম, বরগুনার পৌর মেয়র মো: শাহাদাত হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সভাপতি মো: রফিক উদ্দিন আহম্মেদ, আলহাজ্ব আ: রব ফকির সভাপতি সনাক বরগুনা,
মি. সুখরঞ্জন শীল আহ্বায়ক মেলা উদযাপন কমিটি, মনির হোসেন কামাল সনাক সদস্য ও স্টেশন ম্যানেজার বরগুনা লোকবেতর প্রমূখ। সভায় বক্তারা বলেন, তথ্য অধিকার আইন পাশ হলেও জনগন এখনো এ সম্পর্কে খুব একটা জানে না। এ কারনে তেমন সুফল পাচ্ছে না। তথ্য কিভাবে জানতে হয় এবং তথ্য কিভাবে পেতে হয় সে বিষয়ে জনগনকে সচেতন করে তুলতে হবে। তথ্য আদান প্রদানের মাধ্যমে সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।


