নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ সরকারী খাল অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মান করে পানি প্রবাহ বাঁধাগ্রস্ত করায় জেলার গৌরনদীর বাটাজোর এলাকার এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি নির্মাণাধীন স্থাপনার সকল সামগ্রী ভেঙ্গে জব্দ করে সরকারের অনুক‚লে বাজেয়াপ্ত করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ওইদিন দিনভর উপজেলার বাটাজোর-সরিকল সড়কের হরহর এলাকার সরকারী খাল দখল করে একাধিক অবৈধ দোকান ঘর উচ্ছেদ করেছে উপজেলা ভ্রাম্যমান আদালত।
এ সময় ঘর তৈরির মালামাল বাজেয়াপ্তসহ আব্দুল কুদ্দুছ নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম প্রিন্স।
উচ্ছেদ করা অবৈধ স্থাপনার মালামাল জব্দ করে বাটাজোর ইউনিয়ন ভ‚মি সহকারী কর্মকর্তার জিম্মায় দিয়ে বিধি মোতাবেক নিলামপূর্বক নিলামের অর্থ সরকারী কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।


