বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাসচাপায় দুই মোটরসাইকেল অরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- চরাদি ইউনিয়নের সন্তোষদি গ্রামের বাসিন্দা নান্না মল্লিকের ছেলে নাজমুল মল্লিক (২০) ও একই গ্রামের জসিম গাজীর ছেলে রাব্বি গাজী (২১)।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চরাদি ইউনিয়নের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এবিষয়ে চরাদি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য মো. লোকমান হোসেন মৃধা জানান, চরকাউয়া বাসস্ট্যান্ড থেকে গোমা ফেরিঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল যাত্রীবাহী সাগর পরিবহনের একটি বাস। চরাদি ইউনিয়নের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছুলে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত দুই তরুণকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাকেরগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়েছে। পুলিশ বাসটি আটক করেছে। রাব্বি মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে আসছিলেন ও নাজমুল রাব্বির সঙ্গে বিএম কলেজে যাচ্ছিলেন।


