বাংলাদেশের পাকিস্তান সফর স্থগিত

খেলা ডেস্কঃ করোনাভাইরাস আতঙ্কের কারণে বাংলাদেশের পাকিস্তান সফরের তৃতীয় ধাপ স্থগিত হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে এ ব্যাপারটি নিশ্চিত করা হয়েছে।
আগামী এপ্রিল মাসে তৃতীয় পর্বের জন্য পাকিস্তান সফর করার কথা ছিল বাংলাদেশের। যেখানে করাচিতে একমাত্র ওয়ানডে এবং সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হতো। তবে বিশ্বব্যাপী ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করায় আপাতত এই সফরটি বাতিল হচ্ছে।
পিসিবি আশা করছে এই সিরিজ সম্পূর্ণ করতে, বিশেষ করে টেস্ট ম্যাচটি ২০২১ সালের মার্চে আয়োজনের ব্যাপারে ইঙ্গিত দিয়েছে তারা।
আগামী ২৯ মার্চ করাচির উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। সিরিজের একমাত্র ওয়ানডেটি ১ এপ্রিল মাঠে গড়ানোর সূচি ছিল। যেখানে ৫ এপ্রিল থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়া দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।