বাংলাদেশের বিপক্ষেই ম্যাচ দিয়েই জয়ে ফিরতে চান দ. আফ্রিকা

ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ড সফরে ফলটা প্রত্যাশানুযায়ী হয়নি। প্রায় দুই মাসের বিরতির পর আবার টেস্ট খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের আগে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা জানালেন, এই ম্যাচ দিয়েই জয়ে ফিরতে চান তারা।

টানা চারটি টেস্ট সিরিজ জয়ের স্মৃতি নিয়ে গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। লর্ডসে প্রথম টেস্টে হারলেও ট্রেন্ট ব্রিজে দ্বিতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছিল তারা। কিন্তু পরের দুই ম্যাচ হেরে ৩-১ ব্যবধানে সিরিজ হারে সফরকারীরা। ইংল্যান্ড সফরের হতাশা ভুলে জয়ের ধারায় ফিরতে চান রাবাদা।

মঙ্গলবার রাবাদা সাংবাদিকদের বলেছেন, ‘আমরা জানি, আমরা প্রতিভাবান একটা দল এবং আমাদের ভালো দক্ষতা আছে। আমরা আমাদের ফিরে পেতে চাই। ইংল্যান্ডে কিন্তু আমরা খারাপ ক্রিকেট খেলিনি। শুধু গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কাজে লাগাতে পারিনি। আমরা এখন বুঝতে পেরেছি, কোন মুহূর্তে কী করতে হবে। আমরা জানি কীভাবে জিততে হয়।’

‘সবাই জিততে চায়। লম্বা একটা বিরতির পর আমরা ভালো খেলতে চাই। দ্রুতই নিজেদের ফিরে পেতে হবে, এটাই আসল চ্যালেঞ্জ’- যোগ করেন ২২ বছর বয়সি পেসার।

বাংলাদেশের বিপক্ষেই নতুন কোচ ওটিস গিবসনের অধীনে প্রথমবারের মতো মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। নতুন কোচের অধীনে নতুনভাবে শুরু করতে চান রাবাদা, ‘আমাদের নতুন কোচ এসেছে। আপনি এটাকে একই দলের নতুন সূচনা বলতে পারেন। দলে নতুন মুখ বেশি নেই। কোচিং স্টাফও পুরোনো। শুধু কোচ নতুন। এটা একই মানুষদের নতুন সূচনার মতো।’

বৃহস্পতিবার পচেফ্স্ট্রুমে শুরু হবে প্রথম টেস্ট। এর আগে এই মাঠে কেবল একটি টেস্টই হয়েছে। ২০০২ সালের সেই ম্যাচও খেলেছিল দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। ম্যাচটা ইনিংস ও ১৬০ রানে হেরেছিল বাংলাদেশ। সেই বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের মধ্যে অবশ্য অনেক পার্থক্য!

তথ্যসূত্র : স্পোর্ট২৪।