ক্রীড়া ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে তিন শতাধিক রান করেও হেরেছে বাংলাদেশ। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এবার ঘুরে দাঁড়ানোর পালা। সেটা অস্ট্রেলিয়ার চেয়ে বাংলাদেশের জন্য বেশি প্রয়োজন।
অস্ট্রেলিয়ার ঝুলিতে ইতিমধ্যে একটি পয়েন্ট যুক্ত হয়েছে। বাংলাদেশের নামের পাশে সেটিও নেই। কিন্তু ঘুরে দাঁড়ানোর ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বাংলাদেশ যেমন অস্ট্রেলিয়াকে নিয়ে চিন্তিত তেমনি অস্ট্রেলিয়াও। তাইতো তারা বাংলাদেশের দুর্বল দিক খুঁজে সেই দিক দিয়ে আক্রমণ করার কৌশল আঁটছে। যেমনটা জানিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তিনি বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসা করে জানিয়েছেন বাংলাদেশের বোলিংটাকে টার্গেট করতে চায় তারা।
ম্যাক্সওয়েল বলেন, ‘আমি মনে করি ইংল্যান্ডের বিপক্ষে তারা (বাংলাদেশ) খুবই ভালো ব্যাট করেছে। তাদের হারের পেছনের সবচেয়ে বড় কারণটি ছিল উইকেট। সেদিন উইকেটটি খুবই ভালো ছিল। সে কারণে তাদের বোলাররা অনেক চেষ্টা করেও ইংল্যান্ডকে জয় বঞ্চিত করতে পারেনি। আমরাও তাদের বোলিংটাকে টার্গেট করতে চাই। ১৪৫ কিলোমিটারের বেশি গতিতে বল করতে পারে তাদের দলে এমন বোলারের সংখ্যা কম। ট্রিকি স্পিনারের সংখ্যাও কম। যেটা অন্যান্য দলের রয়েছে। সুতরাং তাদের বোলিংটাকে টার্গেট করে আমাদের এগিয়ে যেতে হবে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সুযোগ পাননি গ্লেন ম্যাক্সওয়েল। বলও করতে পারেননি। তবে বাংলাদেশের বিপক্ষে সুযোগের অপেক্ষায় আছেন এই তারকা, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রাভিস হেড ভালো বোলিং করেছে। সে কারণে সুযোগ পাইনি। তবে আমি আমার বোলিং নিয়ে কঠোর পরিশ্রম করছি। আশা করছি ম্যাচের কোনো এক পর্যায়ে হয়তো আমিও বল করার সুযোগ পেতে পারি।’


