পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশে কোনো মানুষই আর গৃহহীন থাকবে না।
রোববার (২৭ ডিসেম্বর ) মুজিববর্ষ উপলক্ষে কাবিটা কর্মসূচির আওতায় ভূমিহীন ও গৃহহীনদের দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নির্মাণাধীন ৫০টি পাকা ঘরের নির্মাণ অগ্রগতি পরিদর্শনকালে এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, করোনা ভাইরাসজনিত মহামারিকালে সমগ্র বিশ্ব বিপর্যস্ত হলেও বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম থেমে থাকেনি। অসহায়, ভূমিহীন ও গৃহহীনদের পাশে দাঁড়ানোর জন্য মন্ত্রী এসময় সমাজের বিত্তবান মানুষদের প্রতি আহবান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশের গৃহহীনদের জন্য গৃহের ব্যবস্থা করছে।
গৃহ নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শনকালে জেলা প্রশাসক, মৌলভীবাজার মীর নাহিদ আহসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।


