বাংলাদেশে বসতে যাচ্ছে এশিয়া কাপ হকির দশম আসর ১১ অক্টোবরে

ক্রীড়া প্রতিবেদক : ১১ অক্টোবর বাংলাদেশে বসতে যাচ্ছে এশিয়া কাপ হকির দশম আসর। এই আসরকে সামনে রেখে প্রস্তুত আয়োজক বাংলাদেশ। টুর্নামেন্টের প্রস্তুতি, উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান সম্পর্কে জানানোর জন্য আজ সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের টার্ফে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট কমিটির সম্পাদক ও ফেডারেশনের নির্বাহী সদস্য আ.ন.ম মামুনুর রশিদ বলেন, ‘আয়োজনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। ইলেকট্রনিক স্কোরবোর্ড এসে পড়েছে ইতোমধ্যে। দুই এক দিনের মধ্যেই প্রতিস্থাপন করা হবে। এশিয়ান হকি ফেডারেশনের কর্মকর্তারা আসবেন ৬ অক্টোবর। দলগুলো ৮ অক্টোবরের মধ্যে আসবে। হোটেল সোনরগাঁতে থাকবে জাপান দল। হোটেল পূর্বাণীতে বাংলাদেশ, কোরিয়া ও চীন এবং হোটেল ফারসে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও ওমান থাকবে।

উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান সম্পর্কে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সহ-সভাপতি শফিউল্লাহ আল মুনির বলেন, ‘আমরা সমাপনী অনুুষ্ঠান জাকজমকপূর্ণভাবে করার চেষ্টা করছি। ৪০-৪৫ মিনিটের হবে সমাপনী অনুষ্ঠান। মাননীয় প্রধানমন্ত্রী থাকবেন প্রধান অতিথি হিসেবে। উদ্বোধনী অনুষ্ঠানে আমরা কিছু করছি না। শুধু বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করব। এশিয়ান হকি ফেডারেশনের নির্দেশনা মেনেই আমরা এই পরিকল্পনা করেছি।’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল।

টুর্নামেন্ট চলাকালীন সময়ে ক্লাব হাউজের দুই পাশে স্যুভিনয়র কেনার সুযোগ থাকবে দর্শকদের জন্য। এশিয়া কাপ হকি কাভারের জন্য ইতোমধ্যে বাংলাদেশের শতাধিক ও আন্তর্জাতিক মিডিয়া থেকে ৩০ জন সাংবাদিক অ্যাক্রিডিটেশনের জন্য আবেদন করেছে। আজ সন্ধ্যায় ফ্লাডলাইটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে ভ্যাটার্ন হকি খেলোয়াড়দের ম্যাচের মধ্য দিয়ে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক, সহ-সভাপতি আব্দুর রশিদ শিকদার, খাজা রহমতউল্লাহ, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা শাজাহান বসুনিয়াসহ অন্যান্যরা।