বাংলাদেশ ব্যাটিংয়ে

নিউজ ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে এজবাস্টনে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাটিং করবে বাংলাদেশ। বেলা সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে।

টস: টস জিতে ভারতের অধিনায়ক বিরাট কোহলি বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন।

পরিবর্তন: বাংলাদেশ ও ভারতের একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি। শেষ ম্যাচের একাদশ নিয়ে মাঠে নামছে দুই দল।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

ভারত দল: শেখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, যুবরাজ সিং, মাহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, কেদার যাদব, রবীন্দ্রর জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার ও জসপ্রিত বুমরাহ।

ক্রিকেট ইতিহাসের সবথেকে বড় ম্যাচ ! আইসিসি ফ্ল্যাগশিপ ইভেন্টে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলতে যাচ্ছে বাংলাদেশ। কেউ বলছেন, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ। কেউ বলছেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সুযোগ। তবে মাশরাফি জানালেন, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটি সবথেকে বড় ম্যাচ। গতকাল মাশরাফিও বলেছিলেন,‘২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ছিল সবথেকে বড় ম্যাচ। এবারের চ্যাম্পিয়নস ট্রফি তার থেকেও বড়।’

ফিরে আসুক ২০০৭: বিশ্বকাপ-২০০৭ এর গ্রুপ পর্ব থেকে ভারতকে বিদায় করে দিয়েছিল বাংলাদেশ। হাবিবুল বাশারের দল হারিয়ে দিয়েছিল রাহুল দ্রাবিড়ের ভারতকে। সে ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ হয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। আজ আবারও মাশরাফির নেতৃত্বে বিশ্বমঞ্চে বাংলাদেশ। ২০০৭ আজ ফিরে আসুক এজবাস্টনে। সাকিব, তামিম, মুশফিকরা সেদিন জ্বলে উঠেছিলেন। আজ আবারও জ্বলে ওঠার অপেক্ষায় তারা।

এক্স-ফ্যাক্টর হয়ে উঠবেন মুস্তাফিজ: ভারতের বিপক্ষে সবশেষ তিন মুখোমুখিতে দুটিতেই জিতেছে বাংলাদেশ। জয়ের রূপকার ছিলেন মুস্তাফিজুর রহমান। নিজের অভিষেক সিরিজে ১৩ উইকেট নিয়ে বাংলাদেশকে দিয়েছিলেন সিরিজ জয়ের স্বাদ। আজ বাংলাদেশের এক্স-ফ্যাক্টর হয়ে উঠবেন মুস্তাফিজুর রহমান।

মুখোমুখি লড়াই : দুই দল এ পর্যন্ত ওয়ানডেতে ৩২ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৫টি ম্যাচ। বিপরীতে ভারত জিতেছে ২৬টি ম্যাচে। তবে শেষ তিন ম্যাচের দুটিতেই জিতেছে বাংলাদেশ।

মাশরাফিদের কালো ব্যাজ: চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসে নিহতদের স্মরণে আজ কালো ব্যাজ পরে খেলতে নেমেছে বাংলাদেশ জাতীয় দল। পাহাড় ধসে মৃত্যুতে গতকাল শোক প্রকাশ করেছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।